মাহাবুবুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার
রাজধানীর আরামবাগ-কমলাপুর-ফকিরাপুল অঞ্চলের দূরপাল্লার বাস রুট পরিচালনা, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং পরিবহন শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে ৩১ সদস্যের নতুন পরিচালনা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে মোঃ মমিন ব্যাপারীকে আহ্বায়ক এবং বিপ্লব হোসেন মিতুকে নির্বাহী সদস্য করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
ফেডারেশন সূত্র জানায়, আরামবাগ-কমলাপুর-ফকিরাপুল অঞ্চলে সুনির্দিষ্ট কোনো ট্রেড ইউনিয়ন না থাকায় বিভিন্ন সময় পরিবহন খাতে বিশৃঙ্খলা, শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নেতৃত্বের ঘাটতি এবং দুর্ঘটনাসহ বিভিন্ন পরিস্থিতিতে সমন্বয়ের অভাব দেখা দেয়। এ পরিস্থিতি নিরসনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের গঠনতন্ত্রের ২৩(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী নতুন এ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে মোঃ বদরুল আলম সবুজকে উপদেষ্টা, মোঃ আবদুল রশিদ মজুমদারকে যুগ্ম আহ্বায়ক এবং মোঃ বখতিয়ার রহমান ডালিমকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া বিপ্লব হোসেন মিতুসহ আরও কয়েকজন অভিজ্ঞ পরিবহন প্রতিনিধিকে কার্যকরী নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম বক্স দুদু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান যৌথভাবে নতুন কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেন।
ফেডারেশন আশা প্রকাশ করেছে, নতুন পরিচালনা কমিটি আরামবাগ-কমলাপুর-ফকিরাপুল অঞ্চলের পরিবহন খাতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার ও স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে।