মাহাবুবুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে দারুন নাজাত মাদ্রাসার নিচে হাজী শাহজাহানের মার্কেটের সামনে সরকারি রাস্তা কেটে ডিপ টিউবওয়েল স্থাপনের কাজ চলছিল। স্থানীয়দের অভিযোগ, হাজী শাহজাহানের নির্দেশে সরকারি রাস্তার ওপর এ কাজ করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে কাজ বন্ধের নির্দেশ দেন উপজেলা প্রশাসক মিজানুর রহমান।
গত সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডিপ টিউবওয়েল স্থাপনের কাজ বন্ধ রাখতে বলেন।
তবে নির্দেশ দেওয়ার দুই দিন পরও টিউবওয়েল স্থাপনের জন্য রাস্তায় বসানো পাইপগুলো অপসারণ করা হয়নি। একই সঙ্গে রাস্তার যে অংশটি খোঁড়া হয়েছে, সেটিও পুরোপুরি ভরাট করা হয়নি। এতে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এলাকাবাসীর আশঙ্কা, রাস্তার খোঁড়া অংশ ও স্থাপিত পাইপ রেখে দেওয়ায় ভবিষ্যতে আবারও কাজটি শুরু হতে পারে। সরকারি রাস্তার স্বাভাবিক চলাচল ও জনস্বার্থ বিবেচনায় দ্রুত পাইপগুলো অপসারণ করে খোঁড়া অংশ সম্পূর্ণ ভরাটসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।