মাহাবুবুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিলে সড়ক দুর্ঘটনায় বশির আহমেদ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার দশঘরিয়া বাজারসংলগ্ন ফায়ার সার্ভিসের দক্ষিণ পাশে চাটখিল-রামগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বশির আহমেদ উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব সোশালিয়া এলাকার নজু মাস্টার বাড়ির বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়,তিনি একজন অটো রিক্সা চালক ছিলেন প্যাসেঞ্জার নিয়ে গন্তব্যস্থলে নামিয়ে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা পথে রামগঞ্জ থেকে আসা একটি বালুবাহী ট্রাকের চাপায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য চাটখিল সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চাটখিল সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে স্বজনরা তাকে ঢাকার উদ্দেশে নিয়ে রওনা হলে পথের মধ্যে রাত আনুমানিক ২টার দিকে তিনি মারা যান।
নিহত বশির আহমেদ মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং সড়কে বালুবাহী যানবাহনের চলাচলে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।