নিজস্ব প্রতিনিধি
বাবা, দুই অক্ষরের এই নামটি উচ্চারিত হলেই যেকোনো সন্তানের হৃদয়ে জেগে উঠে শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতার অনুভূতি। একজন সন্তানের জীবনে বাবার অবদান বলে শেষ করা যাবে না। বাবা অনেকটা মোমবাতির মতো, যে নিজে জ্বলে পরিবারকে আলোকিত করে। বাবা মানে সব অন্ধকার দূর করে ভোরের আলো দেখা। ভালোবাসি না বলেও যিনি নিঃস্বার্থভাবে সারা জীবন ভালোবেসে যান তিনিই হলেন বাবা। বাবা আমাদের বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রাখেন। যার কারণে সূর্যের তাপ আমাদের ছুঁতে পারে না।
কিন্তু ভাবুন তো, সেই বাবাই যদি তার শিশুদের রেখে একদিন পৃথিবী ছেড়ে চলে যায়। তখন সেই পরিবার এবং শিশুদের কি অবস্থা হয়! এমনই একটি দিন বাবার চলে যাওয়ার দৃশ্য দেখতে হয়েছে আমাকে। বলছি, ২০০৯ সালের ১৭ই জুন এর কথা! আমার জীবনের একটি অভিশপ্ত দিন।
আমরা তিন বোন। তখন বড় বোন উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে, আমি তখন চতুর্থ শ্রেণীতে পড়ি এবং আমার ছোট বোন বয়স মাত্র চার বছর। আমার মা, আমার বড় বোনের জন্মের পর পরেই প্যারালাইসিস হয়ে গেছেন। আমরা দু'বোন মায়ের অসুস্থতা অবস্থায় জন্মগ্রহণ করি। বর্তমানেও আমার মা এখনো প্যারালাইসিস, প্রায় ৩০ বছর ধরে প্যারালাইসিস।
মায়ের ভালোবাসাটা কখনোই বুঝতে পারেনি কারণ জন্মের পর থেকেই মা কে সব সময় অসুস্থই দেখে আসছি। যতটুকু ভালোবাসা পেয়েছিলাম বাবারই পেয়েছিলাম। কিন্তু কি আর করার আল্লাহ আমাদের কপালে সেটাও রাখেননি। শিশু বয়সী বাবাকে হারাতে হয়েছে। বাবার ছিল হার্টের সমস্যা। বাবার হার্ট সম্পূর্ণ ব্লক হয়ে যায়। হসপিটাল থেকে বাবাকে বেঁচে থাকার সময়সীমা উল্লেখ করে দিয়ে দেয়। কিন্তু সেটা আমরা কখনোই জানতে পারিনি। জানতে পারলাম, যেদিন বাবা মারা গেল (১৭ই জুন)। দেখতে দেখতে পনেরোটা বছর হয়ে গেল বাবা চলে গেছেন। মনে হচ্ছে সেদিনও বুঝি বাবার সাথে দুষ্টুমি করেছিলাম।
বাবার সাথে কাটানো অনেকগুলো দুষ্টু মিষ্টি স্মৃতি আছে। তার মধ্যে অন্যতম একটি স্মৃতি যা পৃথিবীর সব থেকে ভাল লাগার মুহূর্ত ছিল। সেই দিনটা ছিল বাবা মারা যাওয়ার দুদিন আগের (১৪ই জুন)। "হঠাৎ করেই আমাকে বলতেছে, আফসানা মা আমার এখন আর বুকে ব্যথা নেই আমি এখন সম্পূর্ণ ভালো হয়ে গেছি।" বাবা যখন এই কথাটি বলেছিল সেই মুহূর্তটার কথা কখনো ভোলার নয়। আমার কাছে মনে হয়েছিল পৃথিবীর সমস্ত সুখ বোধহয় আমার জীবনে ফিরে এসেছে। হয়তো সেদিন বাবা এই কথাটি বলেছিল আমাদেরকে খুশি করার জন্য। তারপর বাবা চলে গেলেন ১৭ই জুন। এই বছরের বাবা দিবস ১৬ই জুন পরেছে, আবার তার পরের দিনই কোরবানি মানে ১৭ই জুন বাবার মৃত্যুবার্ষিকী। এই বছরের জুন মাস শুরু হয়েছে থেকেই আমার মনটা এর জন্য ভীষণ খারাপ হয়ে থাকে। আমার জন্য মনে হচ্ছে এটা অভিশপ্ত। প্রতিবছরই উৎসবের দিনগুলোতে বাবাকে খুবই মিস করি। হোস্টেলে থাকাকালীন আমার বন্ধুদের বাবা হোস্টেলে আসে সবার সাথে দেখা করে যায় এবং কত কিছু নিয়ে আসে। তখন আমার সেগুলো দেখে শুধুই চোখের পানি আসে। কিন্তু বুক ফাটা কান্না কাউকে দেখাতে পারি না। উৎসবের দিনগুলো খুবই কষ্টদায়ক আমার জীবনে। আর এ বছরের কোরবানির দিন তো আমার জন্য অভিশপ্ত কারণ আমার বাবার মৃত্যুবার্ষিকী একই দিনে।আমার কাছে এখন পর্যন্ত নির্মম দিন হচ্ছে, বাবার আমাদেরকে ছেড়ে যাওয়ার দিন। সেই দিনটা সারা জীবনের জন্য গেঁথে রয়েছে আমার জীবনে। বাবা চলে যাওয়ার ঠিক দু মিনিট আগে বাবার মুখে আমি পানি দেই, তখন বাবার মাথাটা আমার কোলের মধ্যে ছিল। আর ঠিক তখনই বাবা একটি হেঁচকি (ঢেকুর) তুলে সারা জীবনের জন্য আমাদেরকে ছেড়ে গেলেন। তখন আমাকে আশেপাশের সবাই বুঝাচ্ছিল না তোমার বাবা এখনো বেঁচে আছেন, মারা যায়নি। আমি তখন চিৎকার দিয়ে সবাইকে বললাম আমার বাবা আর বেঁচে নেই। আপনারা আমাকে যতই বলেন আমার বাবা আর বেঁচে নেই। সেদিন প্রথম আমিই বুঝেছিলাম যে আমার বাবা স্বার্থপরের মত আমাদেরকে ছেড়ে একেবারের জন্যই চলে গেছেন। বাবাকে ছাড়া দীর্ঘ পনেরোটা বছর যুদ্ধ করে চলেছি। চতুর্থ শ্রেণীর থেকে কষ্ট শুরু করে অনার্স অবশেষে শেষ করলাম, অনার্সের রেজাল্ট এখনো পাবলিস্ট হয়নি। বাবা ছাড়া প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত লড়াই আর কষ্ট করে চলেছি। বাবাকে সবসময়ই মিস করি শুধু এই বাবা দিবসে না। আর বাবা দিবস উপলক্ষে বলতে চাই, ভালবাসি, ভালবাসি, বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসি।আফসানা মিমি ফলিত গণিত বিভাগ, গণ বিশ্ববিদ্যালয়, সাভার।