মোরশেদ আলম, বিশেষ প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ১ম চিথলিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এই ফাইনালে দৌলতপুরের আল্লারদর্গা একাদশকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মালয়েশিয়া এক্সপ্রেস(কালিদাসপুর) ফুটবল একাদশ।
রোমাঞ্চকর এই ফাইনাল খেলার প্রথমার্ধে মালয়েশিয়া এক্সপ্রেস একাদশের পক্ষে শুভ গোল করে দলকে এগিয়ে নেন। এরপর দ্বিতীয়ার্ধে আল্লারদর্গা একাদশের নিশান গোল করে খেলায় সমতা ফেরান। নির্ধারিত সময়ে উভয় দল আর কোনো গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে মালয়েশিয়া এক্সপ্রেস শিরোপা নিজেদের করে নেয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান। প্রধান অতিথি তার বক্তব্যে মাদকমুক্ত সমাজ বিনির্মানে ফুটবল খেলার উপর গুরুত্ব আরোপ করে যুবসমাজকে আগামীতে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।এছাড়াও সাগরখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম,চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহেল বাকী এবং আড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম মালিথাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।