মাহাবুবুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিল পৌর শহরের চয়ন (২৩) নামের এক যুবক পুলিশের অভিযানের সময় মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় চাটখিল উপজেলার দশঘরিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাশে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় চাটখিল থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই যুবক মোটরসাইকেল ফেলে পালিয়ে যান বলে জানা গেছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাটখিল থানায় মামলা হয়েছে এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চয়নের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে অভিযোগ রয়েছে। গত রোববার চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক গুলজার হোসেন সৈকতকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।