মাহাবুবুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিল উপজেলার ৩ নং পরকোট ইউনিয়নকে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপমুক্ত একটি শান্তিপূর্ণ ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমান। একই সঙ্গে ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন, অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করার অঙ্গীকার করেছেন তিনি।
পরকোট ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করতে চান মোস্তাফিজুর রহমান। তাঁর পরিকল্পনায় রয়েছে সুষম উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার পাশাপাশি একটি নিরাপদ ও বসবাসযোগ্য সামাজিক পরিবেশ তৈরি করা।
পরকোট ইউনিয়নের পশ্চিম শোশালিয়ার কৃতী সন্তান মোস্তাফিজুর রহমান সাবেক ছাত্রনেতা। বর্তমানে তিনি চাটখিল উপজেলা যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এক সাক্ষাৎকারে মোস্তাফিজুর রহমান বলেন, “আমি পরকোট ইউনিয়নের জনগণের পাশে থেকে অবহেলিত ও অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে চাই। ইউনিয়নের বিভিন্ন এলাকার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে একটি পরিপূর্ণ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি বলেন, “নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে ইউনিয়নের প্রতিটি মানুষকে সমানভাবে মূল্যায়ন করতে চাই। বিবাদ, ঝগড়া, অশান্তি ও হানাহানিমুক্ত একটি সুখী-সমৃদ্ধ ও বসবাসযোগ্য ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”
মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ প্রসঙ্গে তিনি বলেন, এসবের বিরুদ্ধে স্থানীয়ভাবে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে চান। পাশাপাশি তরুণ সমাজকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সুন্দর সামাজিক পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিতে চান তিনি।
দলীয় মনোনয়ন প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান বলেন, “দল আমাকে মূল্যায়ন করে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে দলীয় নেতাকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে পরকোট ইউনিয়নের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করছি। জনগণের দোয়া, সহযোগিতা ও ভালোবাসা নিয়ে সবসময় তাদের পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন, উন্নয়নের সুফল যেন ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে সমানভাবে পৌঁছে যায়, সে জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চান। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে পরকোট ইউনিয়নকে শান্তিপূর্ণ, উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই তাঁর লক্ষ্য।
এ সময় চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি পরকোট ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।