নিজস্ব প্রতিনিধি
শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাজে নজির গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। ১২০ বলে ১৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে লংকান পেসার নুয়ান থুশারার গতির মুখে পড়ে ২৫ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ দল।
চতুর্থ ওভারে হ্যাটট্রিক করেন নুয়ান থুশারা। নিজের করা প্রথম ওভারেই বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপ ভেঙে চুরমার করে দেন থুশারা। তার শিকার হয়ে একের পর এক সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় ও সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
ইনিংসের তৃতীয় ওভারে ডি লিভার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার লিটন কুমার দাস।
এরপর ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে আরেক ওপেনার সৌম্য সরকারকে বোল্ড করেন নুয়ান থুশারা। সৌম্যর বিদায়ের মধ্য দিয়ে ২৪ রানে ৫ উইকেট হারায় বাংলাশে।
দলীয় ৩২ রানে ফেরেন সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং তাণ্ডব চালানো জাকের আলি। তার বিদায়ের মধ্য দিয়ে স্বীকৃত সব ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ম্যাচ থেকে পুরোপুর ছিটকে যায় বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে এই প্রথম (৩২ রানে ) এত কম রানে ৬ উইকেট হারাল বাংলাদেশ। এর আগে ২০১১ সালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ৩৯ রানে ৬ উইকেট হারিয়ে ছিল বাংলাদেশ।