মাহাবুবুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার
আমার শোশালিয়া, আমার অহংকার”—এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের মধ্য শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সন্তানদের ভর্তি করানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিদ্যালয়ের সভাপতি আব্দুল মজিদ।
২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি উপলক্ষে তিনি এ আহ্বান জানান। আগামী ১ নভেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক অভিভাবক বেশি টাকা খরচ করে সন্তানদের কিন্ডারগার্টেনে ভর্তি করান। অথচ বাড়ির পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে খোঁজখবর রাখেন না। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রশিক্ষিত শিক্ষক, উন্নত অবকাঠামো, বিনামূল্যে পাঠ্যবই, পোশাক ও উপবৃত্তিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।
আব্দুল মজিদ বলেন, “আমি কাগজে-কলমে এই বিদ্যালয়ের সভাপতি হলেও আমার আসল পরিচয়—আমি আপনাদেরই সন্তান, আপনাদের এলাকার একজন সাধারণ মানুষ। তাই প্রিয় শোশালিয়াবাসীর কাছে আমার আন্তরিক অনুরোধ, আমাকে একটি বছর সুযোগ দিন। আপনাদের সন্তানদের এক বছরের জন্য এই বিদ্যালয়ের প্রতি আস্থা রেখে ভর্তি করান। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের শিক্ষার মান উন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ গড়তে কাজ করব।”
তিনি আরও বলেন, এক বছরের মধ্যে বিদ্যালয়ের উন্নয়নে দৃশ্যমান ভালো কিছু করতে না পারলে তিনি এলাকাবাসীর সামনে সভাপতির দায়িত্ব ছেড়ে দেবেন।
বিদ্যালয়টিকে এলাকার সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে আব্দুল মজিদ বলেন, “এই বিদ্যালয় আমার, আপনার, আমাদের সবার। আসুন, আমরা সবাই মিলে বিদ্যালয়টিকে নতুন করে জাগিয়ে তুলি এবং আমাদের সন্তানদের সুশিক্ষা নিশ্চিত করি।”
পরিশেষে তিনি এলাকাবাসীর সার্বিক মঙ্গল কামনা করেন এবং সন্তানদের মধ্য শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে সরকারি শিক্ষাব্যবস্থার সুযোগ গ্রহণের আহ্বান জানান।
আব্দুল মজিদ
সভাপতি, মধ্য শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
পরকোট , চাটখিল, নোয়াখালী।