মাহাবুবুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার
আনন্দঘন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছে নোয়াখালী জেলা পুলিশ।
দুর্গোৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যাঁরা দায়িত্ব পালন করেছেন, তাঁদের অবদানের কথা উল্লেখ করে জেলা পুলিশ এ কৃতজ্ঞতা প্রকাশ করে।
নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসকসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সদস্যদের প্রতি বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে।এ ছাড়া হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদসহ সনাতন সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটি, মণ্ডপভিত্তিক নিরাপত্তা কমিটি, স্বেচ্ছাসেবক, কমিউনিটি পুলিশিং কমিটি, স্কাউটস, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট সবার নিরবচ্ছিন্ন তদারকি, আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনার ফলে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপন করা সম্ভব হয়েছে।
নোয়াখালী জেলা পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সর্বদা সচেষ্ট রয়েছে। ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সম্মিলিত প্রচেষ্টার ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বিবৃতির শেষে নোয়াখালীবাসীসহ সবাইকে শারদীয় শুভেচ্ছা জানানো হয়।
কৃতজ্ঞতায় পুলিশ সুপার নোয়াখালী জেলা।