মোঃ আকাশ মিয়াজী
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের পরিচালনা পর্ষদের ২০২৭ সালের সভাপতির দায়িত্ব পেতে যাচ্ছে পাকিস্তান। শুক্রবার দেশটির অর্থনীতিবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এ দায়িত্বের জন্য পাকিস্তানের অর্থমন্ত্রী আহাদ খান চিমার নাম ঘোষণা করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ২০২৬ সালের বিশ্বব্যাংক গ্রুপ ও আইএমএফের বার্ষিক সভার পূর্ণাঙ্গ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে পরবর্তী সভাপতি হিসেবে চিমার নাম ঘোষণা করা হয়।
১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলা এ বার্ষিক সভায় বিশ্বের ১৯১টি দেশের ১৫ হাজারের বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন।
পাকিস্তানের অর্থনীতিবিষয়ক মন্ত্রণালয় এ দায়িত্ব পাওয়াকে দেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, ১৯৫৩ সালের পর প্রথমবারের মতো পাকিস্তান এ দায়িত্ব পালন করতে যাচ্ছে।
মন্ত্রণালয় আরও জানায়, এ দায়িত্বের মাধ্যমে আন্তর্জাতিক অর্থনীতি ও উন্নয়নসংক্রান্ত নীতিনির্ধারণী আলোচনায় ভূমিকা রাখার পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ ও সহযোগিতা বাড়ানোর সুযোগ পাবে পাকিস্তান।
বার্ষিক সভা শেষে বিশ্বব্যাংকের করপোরেট সচিবালয় থেকে আহাদ খান চিমাকে তাঁর দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানানো হয়। এ ছাড়া বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট সচিব আরাধনা কুমার কাপুর এবং বিদায়ী সভাপতি, প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কার্লোস কারভাল্লো স্প্যালডিংয়ের সঙ্গেও বৈঠক করেন তিনি।
বৈঠকে চিমা উন্নয়নশীল দেশগুলোর মতামতকে আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন। একই সঙ্গে উন্নয়ন অর্থায়নকে আরও কার্যকর ও পূর্বানুমানযোগ্য করা, বহুপক্ষীয় উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বেসরকারি বিনিয়োগ সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বর্তমানে আইএমএফের সঙ্গে পাকিস্তানের ৭০০ কোটি মার্কিন ডলারের বর্ধিত তহবিল সহায়তা (ইএফএফ) এবং ১৪০ কোটি ডলারের স্থিতিস্থাপকতা ও টেকসই তহবিল (আরএসএফ) কর্মসূচি চালু রয়েছে।
আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন অর্থায়নের ক্ষেত্রে পাকিস্তানের এই নতুন দায়িত্ব দেশটির জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে বলে মনে করছে দেশটির অর্থনীতিবিষয়ক মন্ত্রণালয়।
সূত্র: ডন আর এ