মাহাবুবুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার
মাহাবুবুর রহমান শিপন স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর চাটখিলে এসএসসি, দাখিল ও কারিগরি ভোকেশনালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চাটখিল অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। বিশেষ অতিথি ছিলেন চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মনজুর আহমেদ ভূঁইয়া ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবি।
অনুষ্ঠানে বক্তব্য দেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী, চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, মল্লিকা দিঘিরপাড় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান, সাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, পড়ালেখার পাশাপাশি প্রত্যেক কৃতি শিক্ষার্থীকে নিজেকে আদর্শ ও সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। দেশ ও রাষ্ট্র বিনির্মাণে প্রত্যেককে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে চাটখিল উপজেলার এসএসসি, দাখিল ও কারিগরি ভোকেশনালে জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসাইন।