নিজস্ব প্রতিনিধি
রাজধানী ঢাকার ভাটারা এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এক দম্পতিকে কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। গত ১৫ নভেম্বর দুপুরে ভাটারার নূরেরচালা এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. শহিদুল ইসলাম (৬১) ও তাঁর স্ত্রী নাজমা ইসলাম (৪৯)। এ ঘটনায় নিহত দম্পতির মেয়ে সুমি আক্তার (৩১) বাদী হয়ে ভাটারা থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে মো. মান্নান হালদার (৬৪), বেলাল হালদার (৪৯), ইব্রাহিম হালদার (৩২), মো. মুসা (৩১)সহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, অভিযুক্তদের সঙ্গে নিহত দম্পতির দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা বিভিন্ন সময়ে পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। এমনকি এর আগে বাদীর ভাই নাজমুল হোসাইন জয়কে হত্যার উদ্দেশ্যে একাধিকবার হামলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, গত ১৫ নভেম্বর দুপুর আনুমানিক ১২টা ৫৬ মিনিটে অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের সঙ্গে থাকা আরও কয়েকজনকে নিয়ে ভাটারার নূরেরচালা এলাকার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করেন। এ সময় তাঁরা বাদীর বাবা শহিদুল ইসলাম ও মা নাজমা ইসলামের ওপর অতর্কিত হামলা চালান। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করার পাশাপাশি পিস্তল দিয়ে শহিদুল ইসলামের মাথায় ও নাজমা ইসলামের বুকে গুলি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন ভাটারা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। একই সময়ে বাদী সুমি আক্তারও ঘটনাস্থলে উপস্থিত হন। পরে গুরুতর আহত অবস্থায় শহিদুল ইসলাম ও নাজমা ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
বাদী অভিযোগে উল্লেখ করেন, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তাঁর বাবা-মাকে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে পরবর্তী সময়ে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।