নিজস্ব প্রতিনিধি
দেশের মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে আজ একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সোমবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে এ সবুজায়ন উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে স্কুল, কলেজ ও মাদ্রাসায় মোট ৫ কোটি গাছ রোপণ করবে শিক্ষা মন্ত্রণালয়।
এ কর্মসূচির আওতায় ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসায় একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হবে।
শুরুতে কর্মসূচিটি সোমবার সকাল ১০টায় আয়োজনের কথা থাকলেও বিশেষ কারণে সময় পরিবর্তন করে দুপুর ২টায় নির্ধারণ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কর্মসূচি বাস্তবায়নে প্রতিবছর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে বিশেষ জলবায়ু সচেতনতা অনুদান দেওয়া হচ্ছে। এ বছর প্রতিটি প্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের সব অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হবেন।