মাহাবুবুর রহমান শিপন
নোয়াখালীর চাটখিলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান। সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন চাটখিল থানার কর্মকর্তা আব্দুল মোন্নাফ, চাটখিল প্রেসক্লাবের সহসভাপতি সহকারী অধ্যাপক জসিম মাহমুদ, বিএনপি নেতা শাহাজান রানা, আহসানুল হক মাসুদ, জি.এস. ফরিদ, শারমিন আক্তার মুনা, সাংবাদিক মামুন হোসেন, সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাই, ইউপি সচিব গোলাপ মাওলা ও আনোয়ার আহমেদ।
সভায় সাংবাদিক জসিম মাহমুদ চাটখিল উপজেলাকে মাদকমুক্ত করতে থানা পুলিশের কার্যক্রম আরও জোরদার ও তৎপর করার আহ্বান জানান। তিনি মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।