মাহাবুবুর রহমান শিপন
নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানাধীন বাংলাবাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং মাদক, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আইন-শৃঙ্খলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বাংলাবাজারে ব্যবসায়ী পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ কায়েসুর রহমান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ.ন.ম. ইমরান খান।
সমাবেশে বাংলাবাজার এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসায়ী ও সাধারণ জনগণের নিরাপত্তা, মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং বাজারের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা বাংলাবাজারের বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিষয় তুলে ধরেন। একই সঙ্গে এসব সমস্যা সমাধানে কার্যকর ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, বাংলাবাজারের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে পুলিশ এবং স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, চুরি, ছিনতাইসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ও কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি অপরাধ প্রতিরোধে ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পুলিশ সুপার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে। কোনো অপরাধ বা অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য দ্রুত পুলিশকে জানানো হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুজ্জামান। এছাড়া ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ও সুধীজন এবং পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।