নিজস্ব প্রতিনিধি
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই। ভয়াবহ এ ঘটনায় স্তব্ধ গোটা দেশ। এ ঘটনায় শোবিজের অনেক তারকা শোক জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। এক পোস্টে শোক জানালেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও চিত্রনায়িকা শবনম বুবলী।
শুক্রবার (১ মার্চ) ৩টা ৪৮ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চে শেষ কবে অভিনয় করেছিলাম মনে নেই। নাট্যগুরু মামুনুর রশীদের জন্মোৎসবের অনুষ্ঠান সূচি অনুযায়ী নতুন মহিলা সমিতি মঞ্চে আজ ‘রাঢ়াঙ’ নাটকের পরপর দুটো প্রদর্শনী ছিল।
তিনি লিখেছেন, বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা বিবেচনা করে বিকাল সাড়ে ৪টার প্রদর্শনিটি বাতিল করা হয়েছে। সন্ধ্যা ৭টার ‘রাঢ়াঙ’ নাটকের প্রদর্শনীটি যথারীতি মহিলা সমিতি মঞ্চে অনুষ্ঠিত হবে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা আরণ্যক পরিবার শোকাহত।
চিত্রনায়িকা শবনম বুবলী বেলা ১টার সময় ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে এক পোস্টে লিখেছেন, বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহি আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি! মহান আল্লাহপাক ভুক্তভোগী পরিবারগুলোর সবাইকে এই শোক কাটিয়ে উঠার শক্তি দান করুন।
বেইলি রোডের ভয়াবহ এ অগ্নিকাণ্ডে হতাহতে খবরে শোকের ছায়া নেমেছে দেশব্যাপী। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। সাততলা ভবনটির প্রায় পুরোটাই পুড়ে গেছে। মানুষের মৃত্যুতে সব হৃদয়ে নেমে এসেছে বিষাদের ছায়া।