মাহাবুবুর রহমান শিপন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী, চাটখিল উপজেলা ও পরকোট ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জেয়াদুল ইসলাম মুন্না।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় জেয়াদুল ইসলাম মুন্না বলেন, “১ সেপ্টেম্বর দিনটি বাংলাদেশি মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। ১৯৭৮ সালের এই দিনে স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।”
তিনি বলেন, তৎকালীন একদলীয় শাসনব্যবস্থায় গণতন্ত্র সংকুচিত হয়ে পড়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন এবং বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতির নতুন পথচলার সূচনা করেন। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
জেয়াদুল ইসলাম মুন্না বলেন, “দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমাদের প্রিয় দল বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে।” তিনি আশির দশকে সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির আপসহীন ভূমিকার কথা স্মরণ করেন এবং এটিকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন।
তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।
তিনি আরও বলেন, “১৯৯১ সালে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনকালে বিএনপি সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছে।” দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় বিএনপির বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রেখে বিএনপি আগামী দিনগুলোতেও বলিষ্ঠ ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।
জেয়াদুল ইসলাম মুন্না বলেন, “এখন গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।”
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভলগ্নে বাংলাদেশকে নিপীড়ন-নির্যাতনমুক্ত, শান্তিময় এবং নাগরিক অধিকার সুরক্ষিত একটি দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পরিশেষে তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণ ও পরকোট ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।