নিজস্ব প্রতিনিধি
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শুক্রবার শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে তাপপ্রবাহের কারণে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবারের ঘোষিত সমাবেশ স্থগিত করে বিএনপি।
সোমবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ জানিয়েছেন, পুলিশ অনুমতি না দেওয়ায় শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিত করা হয়েছে। রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, পুলিশ অনুমতি দেয়নি। ফলে সমাবেশ আপাতত স্থগিত। শান্তি সমাবেশের তারিখ পরে জানানো হবে।
এদিকে সারা দেশে তীব্র এবং অসহনীয় দাবদাহের কারণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ঘোষিত আগামী ২৬ এপ্রিলের সমাবেশ স্থগিত করা হয়েছে। দাবদাহ সহনীয় পর্যায়ে এলে সমাবেশ কর্মসূচির পরবর্তী তারিখ ও সময়সূচি জানানো হবে। সোমবার নয়াপল্টনের ভাসানী ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সব থানা, ওয়ার্ড নেতারা এবং ঢাকা মহানগর দক্ষিণের সব অঙ্গ সংগঠনের দুই শীর্ষ নেতা যৌথসভায় অংশ নেন। সভায় দাবদাহের কারণে জনজীবনে দুর্ভোগ মোকাবিলায় জনগণের পাশে থাকার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে।
তবে বিএনপির একটি সূত্র জানিয়েছে, পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষ্যে নয়াপল্টনে র্যালি ও সমাবেশ করবে বিএনপি। এরপর সুবিধমতো একটি দিন সমাবেশের জন্য ঠিক করা হবে।
এর আগে গত শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ সমাবেশের কর্মসূচি দিয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
পরদিন রোববার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশের ঘোষণা করে। এক বিজ্ঞপ্তিতে তখন বলা হয়েছিল, শুক্রবার বেলা ৩টা থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হবে।