মাহাবুবুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিল উপজেলার ৩ নং পরকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন বিএনপি নেতা ও সমাজসেবক আলমগীর কবির ভূঁইয়া। তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশা করে ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
আলমগীর কবির ভূঁইয়া পরকোট ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ভূমিকা রাখার কথা জানান তিনি। এছাড়া পরকোট-দশঘরিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক এডহক কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন।
স্থানীয়ভাবে তিনি একজন শিক্ষিত, সমাজসেবক ও ব্যবসায়ী হিসেবে পরিচিত। দশঘরিয়া বাজারকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি নিজ এলাকার মানুষের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কথাও জানা গেছে।
চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে এক সাক্ষাৎকারে আলমগীর কবির ভূঁইয়া বলেন, দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং হামলা-মামলার বিষয়গুলো বিবেচনা করে দল যদি তাকে মনোনয়ন দেয়, তাহলে তিনি জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চান।
তিনি বলেন, “আমি নির্বাচিত হলে পরকোট ইউনিয়নের মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করব। অবহেলিত মানুষের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করার চেষ্টা করব। ইউনিয়নের রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক ও অসমাপ্ত কাজ সম্পন্ন করার উদ্যোগ নেব।”
তিনি আরও বলেন, মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ইউনিয়নের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। পাশাপাশি শিক্ষা, যোগাযোগব্যবস্থা ও সামাজিক উন্নয়নের মাধ্যমে পরকোট ইউনিয়নকে একটি সুখী-সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সবশেষে দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন আলমগীর কবির ভূঁইয়া।