নিজস্ব প্রতিনিধি
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের হতদরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে নিজ উদ্যোগ ও অর্থায়নে ২১৬ জনকে বিনামূল্যে বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছেন সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। এরই ধারাবাহিকতায় বিভিন্ন কাজের অভিজ্ঞতার জন্য প্রায় ৩ মাস প্রশিক্ষণ শেষে প্রথম ধাপে ৫৩ শিক্ষিত-বেকার যুবকের হাতে ভিসা ও বিমান টিকিট তুলে দেওয়া হয়েছে। এ উপলক্ষে রাজধানীর মেটকো এন্টারপ্রাইজের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিদেশগামী এসব যুবকের হাতে ভিসা ও বিমান টিকিট হস্তান্তর করা হয়। বিনা খরচে ভিসা ও বিমান টিকিট পাওয়া ৫৩ জনের মধ্যে ৪৪ জন শিক্ষিত- বেকার তরুণরা তাদের স্বপ্ন পূরণের আশায় বুধবার রাতে দেশ ত্যাগ করে পৌছে গেছেন স্বপ্নের নতুন ঠিকানায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটকো এন্টারপ্রাইজের চেয়ারম্যান ফারহানা কাদির রহমান, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক, শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বিএনপির আহ্বায়ক এসএম হামিদ সরদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত অতিথিরা বলেন, বিনামূল্যে বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশে কর্মসংস্থানের এমন সুযোগ সত্যিই মানবিক, বিরল ও প্রশংসনীয়। এ উদ্যোগের ফলে বিদেশগামী যুবকদের পাশাপাশি তাদের পরিবারগুলোও আর্থিকভাবে স্বাবলম্বী হবে। একই সঙ্গে তাদের পাঠানো প্রবাসী আয় দেশ এবং জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
মেটকো এন্টারপ্রাইজের চেয়ারম্যান ফারহানা কাদির রহমান বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়। যা অনেক পরিবারের যোগান দেয়া সম্ভব হয় না। আবার বিদেশে কর্মসংস্থানের আশায় দেশের হাজারো যুবক দালালচক্রের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়ে যায়। অনেককেই প্রতারণার শিকার দেশে ফেরত আসতে হয়। আবার কেউবা জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশ পাড়ি দিয়ে নির্যাতন ও মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়ে অনেক পরিবারকেও সর্বস্বান্ত হতে হয়েছে। এমন বাস্তবতায় শফিকুর রহমান কিরণের উপার্যিত অর্থ নিজ জেলা ও নির্বাচনী এলাকার মানুষের কল্যাণে ব্যয় করছেন। মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি বিদেশগামী যুবকদের উদ্দেশে বলেন, বিদেশে যাওয়ার পর প্রত্যেক যুবকের প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান, আত্মনির্ভরতা অর্জন এবং পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করা। একই সঙ্গে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে দায়িত্বশীলতার সঙ্গে কর্মক্ষেত্রে মনোযোগ দিতে হবে।
শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ বলেন, হতদরিদ্র ও অসহায় পরিবারগুলোর আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতেই বিনা খরচে বিদেশে কর্মসংস্থানের এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশগামীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা হয়েছে। ২১৬ জনের মধ্যে প্রথম ধাপে ৫৩ জনকে ভিসা ও বিমান টিকিট দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি সবাইকে একই নিয়মে বিদেশে পাঠানো হবে। তিনি আরও বলেন, আমি যে স্বপ্ন নিয়ে এমপি হয়েছি, আমার সে স্বপ্ন বাস্তবায়নে এবং শরীয়তপুর জেলা ও আমার নির্বাচনী এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য: দেশের বেকার সমস্যা কমানো এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে চলতি বছরের মে মাসে নড়িয়া-সখিপুরের প্রতিটি ওয়ার্ড থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে একজন করে মোট ২১৬ জন যুবককে আরব আমিরাতের দুবাইসহ বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার জন্য নির্বাচন করা হয়। নির্বাচিতদের প্রশিক্ষণ শেষে বিভিন্ন ক্যাটাগরির ভিসায় ৫৩ শিক্ষিত-বেকার যুবকের হাতে ভিসা ও বিমান টিকিট তুলে দেওয়া হয়।