মাহাবুবুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিল পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ জাহাঙ্গীর আলম। তিনি চাটখিলের জাহাঙ্গীর টাওয়ারের মালিক, জাহিদ অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান এবং বর্তমানে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ছাত্ররাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।
চাটখিল পৌরসভার উন্নয়ন, নাগরিকসেবা বৃদ্ধি এবং দীর্ঘদিনের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার লক্ষ্য নিয়ে মেয়র পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন জাহাঙ্গীর আলম। স্থানীয় কয়েকজন বাসিন্দার মতে, পৌরসভার উন্নয়ন ও নাগরিকদের প্রত্যাশা পূরণে একজন যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন। তাদের মতে, দলীয় মনোনয়ন পেলে জাহাঙ্গীর আলম এ দায়িত্ব পালনে ভূমিকা রাখতে পারেন।
এক সাক্ষাৎকারে জাহাঙ্গীর আলম বলেন, “আমি যদি দলীয় মনোনয়ন পাই অথবা মেয়র হিসেবে নির্বাচিত হই, তাহলে পৌরসভার অবহেলিত ও দীর্ঘদিনের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করব। চাটখিল পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করতে কাজ করব।”
তিনি আরও বলেন, “মাদক, জুয়া, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পৌরসভা গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। পৌরসভার সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে একটি সুখী, সমৃদ্ধ ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তুলতে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।”
এ সময় তিনি দলীয় নেতাকর্মীসহ পৌরসভার সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।