মাহাবুবুর রহমান শিপন
নোয়াখালীর চাটখিল পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে মাদক ও জুয়াবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) মাদক ও জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।
র্যালি শেষে আয়োজিত সমাবেশে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মোন্নাফ।
সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অশ্রু বিন্দু পাটোয়ারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান শামীম, যুগ্ম আহ্বায়ক ভিপি ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক মিঠু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর,নোয়াখালী জেলা যুবদলের সহ কোষাধক্ষ্য মাহাবুবুর রহমান জুয়েল, পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক বেল্লাল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, মাদক ও জুয়া ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। এগুলো সামাজিক অবক্ষয় ও অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। তাই মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে তরুণ প্রজন্মকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।