মাহাবুবুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিল থানায় একটি অভিযোগের সালিশে অংশ নিতে এসে নাসির উদ্দীন নাসু (৫০) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় চাটখিল থানার গোলঘরে একটি অভিযোগের বিষয়ে সালিশ চলাকালে তাঁকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাসির উদ্দীন নাসু চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মনগাজী বেপারী বাড়ির বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগ ও কৃষক লীগ নেতা হিসেবে পরিচিত। আওয়ামী লীগ সরকারের আমলে চাটখিল উপজেলায় অবৈধ মাটি ও বালুর ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, নাসির উদ্দীন নাসুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের করা একটি মামলায় আসামি হিসেবে তাঁর নাম রয়েছে। শনিবার (১৭ অক্টোবর) তাঁকে আদালতে পাঠানো হবে।