মোরশেদ আলম, বিশেষ প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)।
সংগঠনের আহ্বায়ক সাইফুর রহমান সাগর এবং সদস্য সচিব আহসান কামরুল এক যৌথ বিবৃতিতে এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ এই জঘন্য ঘটনাকে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা এবং সামগ্রিক সাংবাদিকতার নিরাপত্তার ক্ষেত্রে এক বিরাট হুমকি হিসেবে অভিহিত করেছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের ওপর গত বছরের নভেম্বর মাসেও একবার প্রাণঘাতী হামলা চালিয়ে কুপিয়ে জখম করা হয়েছিল। সে সময় ওই নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় দুর্বৃত্তদের সাহস বহুগুণ বেড়ে গেছে, যার চরম পরিণাম হিসেবে আজ সাংবাদিক আলিফকে প্রাণ হারাতে হলো।
জেজেইউ নেতৃবৃন্দ অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।