মাহাবুবুর রহমান শিপন
অনিয়ম, অসংগতি ও দুর্নীতি রোধে নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ নতুন উদ্যোগ গ্রহণ করেছে। হাসপাতালের সেবার মান বাড়ানো এবং রোগী ও স্বজনদের হয়রানি বন্ধে নেওয়া এসব উদ্যোগ ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ রোগী ও সেবাগ্রহীতাদের উদ্দেশ্যে বেশ কিছু নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে—
১. নরমাল ডেলিভারি ও সিজারের জন্য নার্সদের কোনো টাকা না দেওয়ার জন্য বলা হয়েছে।
২. জরুরি সেবা নিতে কোনো ধরনের টাকা প্রদান না করতে বলা হয়েছে।
৩. ডিউটিরত ডাক্তার দেখানোর জন্য কোনো দালাল টাকা চাইলে তা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
৪. হাসপাতালে এসে কোনো দালালের সঙ্গে অযথা কথা না বলার পরামর্শ দেওয়া হয়েছে।
৫. চিকিৎসক কোনো পরীক্ষা-নিরীক্ষা দিলে তা সম্ভব হলে হাসপাতালেই করানোর জন্য বলা হয়েছে।
৬. টিকা দেওয়ার জন্য কোনো টাকা প্রদান না করতে বলা হয়েছে।
৭. গর্ভবতী মায়েদের সেবা গ্রহণের বই করতে কোনো টাকা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
৮. চিকিৎসকের পরামর্শ ছাড়া অন্য কোনো কর্মীর মাধ্যমে চিকিৎসা গ্রহণ না করার জন্য বলা হয়েছে।
৯. নির্ধারিত ওষুধ না পেলে কেন দেওয়া হয়নি, তা সংশ্লিষ্টদের কাছে জানতে বলা হয়েছে।
১০. কোনো দালাল বা অন্য কেউ সেবার নামে টাকা চাইলে তা না দিয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
হাসপাতাল প্রশাসন জানিয়েছে, রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। হাসপাতালে কোনো ধরনের অন্যায়, অনিয়ম, হয়রানি বা দালালের দৌরাত্ম্য চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য সেবাগ্রহীতাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, রোগী ও স্বজনদের সচেতন করার পাশাপাশি অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার পরিবেশ আরও উন্নত হবে।