মাহাবুবুর রহমান শিপন
নোয়াখালীর চাটখিলে বিশেষ অভিযান পরিচালনা করে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ২৭ হাজার ২৭৫ টাকা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে চাটখিল পৌরসভার ভীমপুর গ্রামে চাটখিল মাছ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চাটখিল থানা পুলিশ জানায়, নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসির উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় এবং চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ী, ব্যবসার সহযোগী ও মাদকসেবনের সঙ্গে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভীমপুর গ্রামের মাইন উদ্দিনের ছেলে মো. ওমর ফারুক (২৪), বেগমগঞ্জের মুজাহিদপুর গ্রামের উত্তম দাশের ছেলে আশিক দাশ অভি (২৩), নৈরোত্তমপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে মো. জাহিদুল ইসলাম (২২), চাটখিলের ভীমপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে শাকিবুল হাসান (২০), কুমিল্লার চৌদ্দগ্রামের কটপাড়া গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে মো. নয়ন (২০), লাকসামের সাতবাড়িয়া গ্রামের মৃত আবদুল করিমের ছেলে মো. রবিউল ইসলাম (২৩), চাটখিলের সুন্দরপুর গ্রামের রহমত উল্লাহর ছেলে মো. এমরান হোসেন নাজিম (২৫), ভীমপুর গ্রামের মৃত আবদুল হালিমের ছেলে মো. মান্নান হোসেন (৩৬), ধামালিয়া গ্রামের মাহফুজুর রহমানের ছেলে মো. রবিউল আলম (২০) এবং ভীমপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে মাজহারুল ইসলাম শিমুল (২১)।
পুলিশের দাবি, গ্রেপ্তারদের হেফাজত থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ২৭ হাজার ২৭৫ টাকা, ১০টি গ্যাস লাইট, টাকা দিয়ে তৈরি মাদক সেবনের ৬টি পাইপ, মাদক সেবনে ব্যবহৃত বোতলের ৮টি কর্ক এবং ১০ টুকরা ফুয়েল পেপার উদ্ধার করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্য উদ্ধার ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।