মাহাবুবুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার
দেশীয় মাছের বংশবিস্তার, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ ও খালের স্বাভাবিক পানি প্রবাহ বজায় রাখতে নোয়াখালীর চাটখিলে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। অভিযানে ৩৫টি অবৈধ ভেসাল ও মশারি জাল এবং খালের পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী বেশ কিছু অবৈধ স্থাপনা জব্দ করে ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে চাটখিল পৌরসভা, পাঁচগাঁও, মোহাম্মদপুর ও বদলকোট ইউনিয়নের বিভিন্ন খালে অভিযান চালানো হয়। এ সময় খালের পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী ২০টি ভেসাল জাল ও এর সঙ্গে থাকা অবৈধ স্থাপনা এবং মাছের প্রজনন ও জলজ প্রাণীর জন্য ক্ষতিকর ১৫টি মশারি জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল ও স্থাপনাগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী বলেন, কিছু অসাধু ব্যক্তি অবৈধ জাল ও স্থাপনা তৈরি করায় দেশীয় মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছিল। একই সঙ্গে খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। দেশীয় মাছের বংশবিস্তার ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।