মাহাবুবুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখোলা গ্রামের সাত মুক্তিযোদ্ধার পরিবারসহ শত শত মানুষের চলাচলের রাস্তা অবশেষে উন্মুক্ত করে দিয়েছে উপজেলা প্রশাসন। দীর্ঘ প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে নিজে উপস্থিত থেকে গ্রাম পুলিশ দিয়ে রাস্তার ওপর লাগানো গাছগুলো কেটে চলাচলের পথ উন্মুক্ত করেন।
এতে সাত মুক্তিযোদ্ধার পরিবারসহ ওই রাস্তা দিয়ে চলাচলকারী স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রায় দেড় শত বছর ধরে ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়ে আসা ওই চলাচলের রাস্তা এলাকার প্রভাবশালী মানিক ভূঁইয়া প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে রাস্তার ওপর গাছ লাগিয়ে চলাচলের পথ বন্ধ করে রেখেছিলেন। ফলে সাত মুক্তিযোদ্ধার পরিবারসহ এলাকার শত শত মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
এ ঘটনায় নোয়াখোলা গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধার স্ত্রী আলেয়া বেগম (৭০) গত ২৬ জুন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দেন।
পরবর্তীতে বিষয়টি নিয়ে পূর্বশিখাসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় একাধিকবার প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর অবশেষে উপজেলা প্রশাসন উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ইউএনও মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রাম পুলিশের সহায়তায় রাস্তার ওপর থাকা গাছগুলো অপসারণ করে চলাচলের পথ উন্মুক্ত করে দেন।
এ বিষয়ে এলাকাবাসী দেরিতে হলেও জনসাধারণের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে বিষয়টি গণমাধ্যমে তুলে ধরায় সাংবাদিকদের প্রতিও ধন্যবাদ জানান তারা।