মাহাবুবুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধে নোয়াখালীর চাটখিলে প্রতি শনিবার সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন ও চাটখিল পৌরসভা। এরই ধারাবাহিকতায় শনিবার চাটখিল পৌরবাজারসহ বিভিন্ন এলাকায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা প্রশাসক মিজানুর রহমান। এ সময় পৌরবাজারের বিভিন্ন সড়ক, ফুটপাত ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে চাটখিল পৌরসভার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা সহযোগিতা করেন। তারা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখেন।
অভিযানের অংশ হিসেবে পৌরবাজারে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং সড়ক ও খাল নোংরা করার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আটজন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের দোকানপাট এবং আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং মশার প্রজননস্থল তৈরি হতে পারে—এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রতি শনিবার এ ধরনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা প্রশাসক মিজানুর রহমান বলেন, “ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। নিজেদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে মশার প্রজননস্থল অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। চাটখিলকে পরিচ্ছন্ন ও মশাবাহিত রোগমুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ কাজে পৌরবাসী, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।”