মাহাবুবুর রহমান শিপন
দেশব্যাপী নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে নোয়াখালীর চাটখিলে আলোচনা সভা, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে চাটখিল উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ, চাটখিল প্রেসক্লাবের সহ-সভাপতি ও সহকারী অধ্যাপক মো. জসিম মাহমুদ, প্রভাষক জয়নাল আবেদীন জয়, বিএনপি নেতা শাহজাহান রানা, দেওয়ান শামসুল আরেফিন শামীম, আনিস আহম্মেদ হানিফসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে একটি মনোরম র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, কাজী নজরুল ইসলামের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। নজরুলের সৃষ্টিকর্ম লালন ও ধারণ করার জন্য তিনি ছাত্রছাত্রীসহ নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, নজরুলের সাহিত্য ও সংস্কৃতির চর্চা তরুণ প্রজন্মকে মানবিক, অসাম্প্রদায়িক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।