মাহাবুবুর রহমান শিপন
নোয়াখালীর চাটখিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে হিরাপুর আদর্শ সমাজকল্যাণ পাঠাগারসহ পাঁচটি দোকানঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৩৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলার বদলকোট ইউনিয়নের হিরাপুর এলাকায় গত শনিবার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এর আগেই পাঁচটি দোকানঘর ও এর ভেতরের মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্তদের দেওয়া তথ্য অনুযায়ী, হিরাপুর আদর্শ সমাজকল্যাণ পাঠাগারের প্রায় ৫ লাখ টাকা, রহমত উল্লাহর দোকানের ১০ লাখ টাকা, ডা. আনোয়ার হোসেনের দোকানের ৭ লাখ টাকা, বাবু খোকন কুমারের দোকানের ৮ লাখ টাকা এবং মনির হোসেনের দোকানের প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৩৪ লাখ টাকা বলে জানিয়েছেন তারা।
এদিকে গত রোববার বিকেলে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের কিছু নগদ আর্থিক সহায়তাও প্রদান করেন।
মঙ্গলবার বিকেলে ক্ষতিগ্রস্তরা চাটখিল প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে অগ্নিকাণ্ডে তাদের ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেন। এ সময় তারা সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জোর দাবি জানান।
ক্ষতিগ্রস্তরা বলেন, অগ্নিকাণ্ডে তাদের ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঠাগারের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারি ও বেসরকারিভাবে সহযোগিতা পেলে তারা ক্ষয়ক্ষতি কাটিয়ে আবার ঘুরে দাঁড়াতে পারবেন।