মাহাবুবুর রহমান শিপন
নোয়াখালীর চাটখিল উপজেলার ৩ নম্বর পরকোট ইউনিয়নের মধ্য শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মজিদ বিদ্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে বিদ্যালয়ের সকল শিক্ষক উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে নবনির্বাচিত সভাপতি আব্দুল মজিদ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ এবং অবকাঠামোগত উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নানের হাতে তুলে দেন। উপহারসামগ্রীর মধ্যে ছিল খাতা, কলম, জ্যামিতি বক্স, স্কেল, পেন্সিল, রাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ।
প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নান নবনির্বাচিত সভাপতি আব্দুল মজিদকে শুভেচ্ছা জানিয়ে তাঁর এ মহৎ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, এমন জনকল্যাণমূলক উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। ভবিষ্যতেও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সভাপতির সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।