মাহাবুবুর রহমান শিপন
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর চাটখিলে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস আর শাকিলের নেতৃত্বে চাটখিল মহিলা ডিগ্রি কলেজসহ উপজেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং গাছের চারা রোপণ করেন। এ সময় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস আর শাকিল বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে পরিবেশবান্ধব সমাজ গঠনের একটি বার্তা পৌঁছে দিতে চাই।
তিনি বলেন, পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন সমাজ গড়তে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে থাকবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার কথাও জানান তিনি।
কর্মসূচিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।