নিজস্ব প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে হতদরিদ্র এক নারী শ্রমিকের খোয়া যাওয়া ১৬ হাজার টাকা উদ্ধার করে দিয়েছে পুলিশ। এতে ওই শ্রমিকের মুখে হাসি ফুটেছে।
মঙ্গলবার সন্ধ্যার পর গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ তার কার্যালয় হতে ওই নারীর হাতে তার টাকাগুলো তুলে দেন।
এ সময় দৌলতদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য আলমগীর হোসেন ও ভুক্তভোগী কনা বেগমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তাহের কাজীপাড়ার নারী শ্রমিক কনা বেগম। সরকারের সদ্যসমাপ্ত অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অধীনে হওয়া ৪০ দিনের কাজে তিনি অংশ নেন। কয়েক দিন আগে এই কর্মসূচির শ্রমিকদের দেওয়া নিজ নিজ নগদ হিসাব নম্বরে টাকা পাঠানো হয়। অন্যরা টাকা পেলেও কনা বেগমের নম্বরে সমস্যা থাকায় তা অন্যত্র চলে যায়।
এ বিষয়ে তিনি নানাভাবে চেষ্টার পর টাকা উদ্ধার করতে না পেরে থানায় অভিযোগ দেন।
আলাপকালে থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, কনা বেগমের নগদ মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করা ছিল না। ফলে তার নম্বরে টাকা দেওয়া হলেও তিনি তা তুলতে পারছিলেন না। আমি গ্রামীণ ফোন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তার নাম্বারটি রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করি। পরে টাকাগুলো উত্তোলন করে তার হাতে তুলে দেই।
আলাপকালে কনা বেগম জানান, তিনি টাকাগুলো তুলতে না পেরে হতাশ হয়ে পড়েছিলেন। পরে পুলিশের সহায়তায় টাকাগুলো তুলতে পারি। এতে আমার অনেক উপকার হয়েছে। আমি খুব খুশি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মণ্ডল বলেন, প্রকল্পের এ বিষয়গুলো ইউনিয়ন পর্যায় হতে যাচাই-বাছাই করে দেওয়া হয়। তাদের যাচাইয়ে ত্রুটির কারণে এ ধরনের সমস্যার সৃষ্টি হয়। এক্ষেত্রে সংশ্লিষ্টদের আরও সচেতনভাবে কাজ করা দরকার।