নিজস্ব প্রতিনিধি
ভারতের তামিলনাড়ুতে গরু ও বাছুর জবাইয়ের ওপর রাজ্যব্যাপী আরোপিত নিষেধাজ্ঞায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) সরকারের আবেদনের পর সোমবার এ আদেশ দেন আদালত।
বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার সমন্বয়ে গঠিত বেঞ্চ তামিলনাড়ু সরকারের বিশেষ অনুমতি আবেদন (এসএলপি) গ্রহণ করে নোটিশ জারি করেন। একই সঙ্গে মাদ্রাজ হাইকোর্টের আদেশের সেই অংশে সংশোধনের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন, যেখানে রাজ্যজুড়ে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল।
এর আগে ২৭ মে দেওয়া এক আদেশে মাদ্রাজ হাইকোর্ট তামিলনাড়ুর মুখ্য সচিব ও পুলিশের মহাপরিচালককে নির্দেশ দেন, বকরিদ (ঈদুল আজহা) কিংবা বছরের অন্য যেকোনো সময় রাজ্যের কোথাও গরু বা বাছুর জবাই না হয়, তা নিশ্চিত করতে।
সুপ্রিম কোর্টে করা আবেদনে তামিলনাড়ু সরকার জানায়, হাইকোর্ট একদিকে নির্ধারিত জবাইখানায় পশু জবাইয়ের অনুমতি দিলেও অন্যদিকে গরু ও বাছুর জবাই পুরোপুরি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে, যা পরস্পরবিরোধী।
মাদ্রাজ হাইকোর্ট ১৯৭৬ সালের একটি রায়ের ভিত্তিতে এ নির্দেশ দিয়েছিল। ওই রায়ে দুধ উৎপাদন ও গ্রামীণ অর্থনীতি রক্ষার স্বার্থে গরু জবাই নিষিদ্ধ রাখার কথা বলা হয়েছিল।
তবে রাজ্য সরকারের দাবি, হাইকোর্টের নির্দেশ তামিলনাড়ু অ্যানিমেল প্রিজারভেশন অ্যাক্ট, ১৯৫৮-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আইন অনুযায়ী, ১০ বছরের বেশি বয়সী এবং কর্মক্ষমতা বা প্রজননক্ষমতা হারানো গরু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জবাই করা যেতে পারে।
উল্লেখ্য, হিন্দু মাক্কাল কাচ্চির সাধারণ সম্পাদক কে. সূর্য প্রসান্তের করা একটি জনস্বার্থ মামলার শুনানিতে মাদ্রাজ হাইকোর্ট এ নির্দেশ দিয়েছিল। আবেদনে কেবল নির্ধারিত জবাইখানায় পশু জবাই নিশ্চিত করার অনুরোধ থাকলেও আদালত অতিরিক্তভাবে রাজ্যজুড়ে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার নির্দেশ দেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস