সাইফুল ইসলাম
যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত বন্ধ রাখতে সম্মত হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি ইস্যুতে আলোচনা পুনরায় শুরু করার সিদ্ধান্তও নিয়েছে দুই দেশ। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর ফলে টানা কয়েক দিনের পাল্টাপাল্টি হামলার পর বিদ্যমান অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি টিকে থাকার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
হরমুজ প্রণালি-সংক্রান্ত বিরোধ নিরসনে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে দুই পক্ষের।
মার্কিন ওই কর্মকর্তা জানান, সমঝোতা স্মারকের বিভিন্ন বিষয় নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা চলবে। এ সময় উভয় পক্ষ যুদ্ধবিরতি মেনে চলবে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে। তিনি ১৭ জুন স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতা স্মারকের উল্লেখ করে বলেন, এর আওতায় প্রণালিটি পুনরায় আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, সমঝোতার বিভিন্ন দিক নিয়ে প্রযুক্তিগত পর্যায়ে আলোচনা অব্যাহত থাকবে। আলোচনার সময় উভয় দেশ হামলা থেকে বিরত থাকবে এবং প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক রাখা হবে।
এর আগে রোববার ভোরে ইরান কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। হামলার কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করা হলে ইরানের জন্য তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে।
সূত্র: রয়টার্স