মাহাবুবুর রহমান শিপন
হেযবুত তাওহিদকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে নোয়াখালীর চাটখিলে সভা করেছে হেফাজতে ইসলাম। বুধবার (২৯ জুলাই) সকালে চাটখিল কামিল মাদ্রাসার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালামের সভাপতিত্বে এবং মুফতি হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মুফতি খলিল আহমেদ, মাওলানা আফছার উদ্দিন, মাওলানা কবির আহমেদ, মাওলানা ফয়সাল, মাওলানা আবু ছাদেক, মাওলানা মাসুম বিল্লাহ ও মুফতি নাজমুল সাকিবসহ অন্যান্য আলেমরা।
বক্তারা অভিযোগ করে বলেন, হেযবুত তাওহিদ দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রচারণা চালিয়ে আসছে, যা তাদের মতে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে এবং ইসলামী আকিদা-বিশ্বাসের পরিপন্থী। এ কারণে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
সভায় আরও জানানো হয়, আগামী ১ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলামের উদ্যোগে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
এ সময় চাটখিল প্রেসক্লাবের সহ-সভাপতি ও সহকারী অধ্যাপক জসিম মাহমুদসহ বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।