মোরশেদ আলম, বিশেষ প্রতিনিধি
অসচ্ছল পরিবারের আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে ইস্ট মশাং ইয়াং ইউনিটি (EMYU)-এর সামাজিক উদ্যোগ ‘প্রকল্প কর্মসংস্থান’-এর আওতায় আরও একটি অসচ্ছল পরিবারকে একটি ছাগী বিতরণ করা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. গোলাম মোস্তফা ও মো. রিয়াজ হোসেন ফকির, সভাপতি তানভীর আহমেদ, সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম জয় এবং সহ-সভাপতি এনামুল হক। এছাড়া অর্থ সম্পাদক সাওন হাওলাদার ও প্রচার সম্পাদক আমিনুল হক উপস্থিত ছিলেন। কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণও উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি তানভীর আহমেদ বলেন, “প্রকল্প কর্মসংস্থানের মূল লক্ষ্য হলো অসচ্ছল পরিবারকে সহায়তার পাশাপাশি তাদের জন্য একটি স্থায়ী আয়ের সুযোগ তৈরি করা। একটি ছাগী থেকে ভবিষ্যতে বংশবৃদ্ধির মাধ্যমে পরিবারের সম্পদ ও আয় দুটোই বৃদ্ধি পেতে পারে। আমরা চাই, এই ছোট উদ্যোগগুলো একসময় বড় পরিবর্তনের পথ তৈরি করুক।”
সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম জয় বলেন, “সহায়তা যদি মানুষকে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে দেয়, সেটিই সবচেয়ে কার্যকর সহায়তা। প্রকল্প কর্মসংস্থানের মাধ্যমে আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। পর্যায়ক্রমে আরও অসচ্ছল পরিবারকে এই উদ্যোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।”
সহ-সভাপতি এনামুল হক বলেন, “প্রকল্প কর্মসংস্থানের মাধ্যমে আমরা আগামী দুই বছরে অন্তত ১০০টি অসচ্ছল পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আমাদের উদ্দেশ্য শুধু সহায়তা প্রদান নয়, বরং পরিবারগুলোকে ধীরে ধীরে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে দেওয়া। এ উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় জনগণ ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আয়োজকরা জানান, ‘প্রকল্প কর্মসংস্থান’-এর আওতায় নির্বাচিত অসচ্ছল পরিবারকে ছাগী বিতরণের মাধ্যমে তাদের নিজস্ব সম্পদ তৈরির সুযোগ করে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ উদ্যোগ আরও বিস্তৃত করে অধিকসংখ্যক পরিবারের কর্মসংস্থান ও স্বাবলম্বিতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।