নিজস্ব প্রতিনিধি
খাগড়াছড়িতে পুলিশের চাকরি পেলেন ২ নারীসহ ১৫ যুবক। এতে প্রত্যেকের খরচ হয়েছে মাত্র ১২০ টাকা করে। শুধুমাত্র শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে ১৫ জন প্রার্থী নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর।
বৃহস্পতিবার সকালে চূড়ান্তভাবে উত্তীর্ণ নবাগত পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন পুলিশ সুপার। এ সময় অভিভাবকদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।
এ সময় পুলিশ সুপার নবাগত পুলিশ সদস্যদের সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কাজ করার আহবান জানান।
চাকরি পেয়ে কয়েকজন নবাগত পুলিশ সদস্য আনন্দে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর সুপ্রিয় দেব উপস্থিত ছিলেন।