মাহাবুবুর রহমান শিপন
নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া বাজারে মাদক ও জুয়াবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) খিলপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ওয়ার্ডের সচেতন নাগরিকদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালিটি খিলপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে আয়োজিত সমাবেশে মিলিত হয়। সমাবেশে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মোনাফ।
সমাবেশে সভাপতিত্ব করেন খিলপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমির হোসেন খোকন।
এ সময় চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাজাহান রানা, চাটখিল থানার তদন্ত কর্মকর্তা দেবাশিস, খিলপাড়া এলাকায় দায়িত্বপ্রাপ্ত এসআই মামুন, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জালাল আহমেদ, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য খোরশেদ আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা মনির হোসেন।
বক্তারা বলেন, মাদক ও জুয়া শুধু ব্যক্তি ও পরিবারকে ধ্বংস করে না, বরং সামাজিক অবক্ষয় ও অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। তাই মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে তরুণ প্রজন্মকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।