মাহাবুবুর রহমান শিপন
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, রামগঞ্জের সহকারী কমিশনার (ভূমি), চাটখিল থানার অফিসার ইনচার্জ মোঃ মোন্নাফ, একাডেমির সুপারভাইজার, চাটখিল উপজেলার বিএনপি সিনিয়র যুগ্ন আহ্বায়ক শাহজাহান রানা,যুগ্ন আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঁইয়া,দশঘরিয়া বাজার কমিটির সভাপতি মাহাবুব রাব্বানী, এবং রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদ মনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, রামগঞ্জ পৌর বিএনপি'র সভাপতি শেখ কামরুজ্জামান রামগঞ্জ যুবদল নেতা জামিল, ভোলাকোট ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুর রহিম, পরকোট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফয়েজ শেখ, ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা মেহেদী হাসানের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তারা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে একাডেমির শ্রেণি কার্যক্রম দ্রুত চালুর আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১৬ জুন একাডেমির আবাসিক ভবনে একটি আইফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে দ্বাদশ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদের নামে মারধর করেছে বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন। পরদিন ১৭ জুন আবাসিক ভবনেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। পরবর্তীতে মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান একাডেমির সার্বিক বিষয়ে সুনির্দিষ্ট লিখিত নির্দেশনা প্রদান করেন। তিনি আগামী ২৯ জুন ২০২৬ (সোমবার) থেকে পর্যায়ক্রমে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির শ্রেণি কার্যক্রম পুনরায় চালু করার ঘোষণা দেন।