মামুনুর রশীদ, চুনারুঘাট প্রতিনিধি
মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালমূখ বাজারে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে যুবযাত্রা সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভায় মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে সচেতন করা এবং মাদক ও অপরাধ প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। উদ্বোধক ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম তালুকদার এবং প্রধান বক্তা ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং মিরাশি ইউনিয়ন বিএনপির সভাপতি ও চুনারুঘাট উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রহিম শ্যামল তালুকদার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম, ১০ নং মিরাশি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের লিল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আফজালুর রহমান এবং সহদপ্তর সম্পাদক মামুনুর রশীদ শাহজাহান তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন ১০ নং যুবযাত্রার সভাপতি মোহাম্মদ আলম রিপন, সাধারণ সম্পাদক ও সভার সঞ্চালক মিজানুর রহমান মিজান, ১০ নং মিরাশি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান সায়েম, সভাপতি হাবিব তালুকদার, সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান বিএনপি সাংস্কৃতিক কর্মী নেতা মোঃ ফারুক আহমেদ, ১০ নং মিরাশি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিপন আহমেদসহ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও গালিব চৌধুরী বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। এটি যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। পড়াশোনা, খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের গড়ে তুলতে হবে।
প্রধান বক্তা মীর সিরাজ আলী বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সমাজের প্রত্যেক মানুষের দায়িত্ব রয়েছে। পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হতে হবে।
বিশেষ অতিথি আলহাজ্ব আব্দুর রহিম শ্যামল তালুকদার বলেন, “আমরা সবাই মিলে মাদকবিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করব। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় বক্তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও অপরাধ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে নিয়মিত সামাজিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে মাদকমুক্ত সমাজ ও নিরাপদ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।