নিজস্ব প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সম্মিলিত সংগ্রামের মধ্য দিয়েই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। একইভাবে সম্প্রতি সব শ্রেণি-পেশা ও সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটেছে। দেশ ও মানুষের কল্যাণে সবাই যদি একসঙ্গে কাজ করে, তাহলে তার সুফল পুরো জাতি ভোগ করবে।
সোমবার দুপুর সোয়া ২টার দিকে বরিশাল নগরের ত্রিশ গোডাউন-সংলগ্ন সাগরদী খালের দুই পাড়ে একযোগে সাড়ে তিনশ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব সবার। যেমন নিজের ঘর পরিচ্ছন্ন না রাখলে তা নোংরা হয়ে যায়, তেমনি নিজেদের এলাকা ও দেশ পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখলে ক্ষতির শিকার হতে হবে আমাদেরই। অন্য দেশের সুন্দর পরিবেশের প্রশংসা করে নিজের দেশের পরিবেশ নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি আরও বলেন, শুধু গাছের চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না। যারা গাছ লাগিয়েছেন, তাদের সবাইকে এগুলোর নিয়মিত পরিচর্যা করতে হবে। গাছ বড় হলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ওই এলাকায় আসা সাধারণ মানুষও এর সুফল ভোগ করবেন।
সাগরদী খালের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, খালটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়। খালের দুই তীরের বাসিন্দাদেরও এ বিষয়ে সচেতন হতে হবে। পলিথিন, প্লাস্টিকের বোতল ও অন্যান্য বর্জ্য খালে না ফেলে নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে। একই সঙ্গে অন্যদেরও এ বিষয়ে নিরুৎসাহিত করতে হবে। পরিবেশ সচেতনতা বাড়াতে সিটি করপোরেশনকে আরও প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে বরিশালের গৌরনদীর ভূরঘাটা এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বরিশাল সফর। সেখানে স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে গৌরনদীতে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বরিশাল নগরের উদ্দেশে রওনা হন।
পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষের শুভেচ্ছার মধ্য দিয়ে দুপুর ২টার দিকে তার গাড়িবহর বরিশাল নগরের বান্দর রোডে পৌঁছায়।