মাহাবুবুর রহমান শিপন
নোয়াখালী জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, সামাজিক সম্প্রীতি, অপরাধ প্রতিরোধ ও মাদক নির্মূলসহ বিভিন্ন বিষয়ে সিভিল সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেল ৩ টা ৩০ মিনিটে নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরউদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী, পিপিএম।
মতবিনিময় সভায় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, শিক্ষক, ইমাম, আইনজীবী, চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, অপরাধ প্রতিরোধ, মাদক নির্মূল এবং পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বক্তারা নিরাপদ ও শান্তিপূর্ণ নোয়াখালী গড়ে তুলতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, গণমাধ্যম, সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পুলিশি সেবা আরও জনবান্ধব ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত সিভিল সোসাইটির প্রতিনিধিরা জেলার আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। তাঁদের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
সভায় নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।