নিজস্ব প্রতিনিধি
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে আলোচিত মামলার প্রধান আসামি লতা বেগমকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১-এর ক্যাম্প কমান্ডার মো. আবিরুল ইসলাম জানান, সম্প্রতি মাধবদী থানার একটি শিশুর ওপর নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার পর মাধবদী থানায় মামলা দায়ের হলে আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু হয়। পরে রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে লতা বেগমকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাধবদী থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।
এর আগে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর গত ১৪ জুলাই রাতে নরসিংদীর প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় মামলা দায়ের করেন। মামলায় লতা বেগম ছাড়াও তার স্বামী কাউছার আহমেদ এবং বাবা আলাউদ্দিন মিয়াকে আসামি করা হয়।
ঘটনার পর লতা বেগম আত্মগোপনে থাকলেও এর আগে তার স্বামী ও বাবাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল।