সাইফুল ইসলাম
নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। ফলে এখনো যারা ভোটার হননি, তারা আগামী ১৫ দিনের মধ্যে আবেদন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ১৮ বছর পূর্ণ করা নাগরিকদের ভোটার হিসেবে নিবন্ধনের এই কার্যক্রম হাতে নিয়েছে নির্বাচন কমিশন।
ইসির নির্দেশনা অনুযায়ী, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী যেকোনো ব্যক্তি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করলে স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন।
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। আপত্তি ও যাচাই-বাছাই শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকাটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে প্রদর্শন করা হবে। এতে কারও নাম বাদ পড়লে বা তথ্যে ভুল থাকলে ২৪ আগস্ট পর্যন্ত নতুন অন্তর্ভুক্তি বা তথ্য সংশোধনের আবেদন করা যাবে। এরপর ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আগস্টের মাঝামাঝি বা শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।