নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকা চাওয়ায় দেলোয়ার নামের এক দোকানিকে
কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. নাসির ওরফে তুফান
নাসিরকে (৬০) আটক করেছে সেনাবাহিনী। বুধবার দিবাগত রাতে উপজেলার
বৈরাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নাসির উপজেলার বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয়
আওয়ামী লীগ নেতা।
আনোয়ারা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার আমিরুল ইসলাম জানান, বৈরাগ
এলাকার চায়ের দোকানি দেলোয়ারের দোকান থেকে বাকিতে চা-নাস্তা খান
প্রতিবেশী নাসির। কিন্তু দীর্ঘ দিনেও পাওনা টাকা পরিশোধ করেননি তিনি।
বুধবার পৌণে ৮টার দিকে নাসিরের কাছ থেকে পাওনা টাকা চাইলে এতে ক্ষুদ্ধ
হয়ে নাসির প্রথমে গালিগালাজ এবং পরে কথা কাটাকাটির এক পর্যায়ে দায়ের
কোপ দিয়ে দেলোয়ারকে আহত করেন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে
নেওয়া হয়। খবর পেয়ে সেনাবাহিনী অভিযান চালিয়ে নাসিরকে আটক করে
আইনি প্রক্রিয়ার জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মো.মনির হোসেন বলেন,নাসির নামের এক ব্যক্তিকে সেনাবাহিনী আটক করে
থানায় হস্তান্তর করেছে। তাকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।