মামুনুর রশীদ, চুনারুঘাট প্রতিনিধি
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও বাংলাদেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গ্যাস ও বিদ্যুৎসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। একই সঙ্গে দেশের অবকাঠামো উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি ফয়সল বলেন, বিগত সময়ে দেশের অর্থনৈতিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দীর্ঘদিন পরিকল্পিত উন্নয়ন ব্যাহত হয়েছে। রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন ও সংস্কারে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে এসব পরিস্থিতির উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের দরিদ্র ও শ্রমজীবী মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, চা শ্রমিকরা দেশের অর্থনীতি ও চা শিল্পের গুরুত্বপূর্ণ অংশ। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তারা বাগানে কাজ করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া সরকারের দায়িত্ব। বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়নে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রহিম শ্যামল তালুকদার সহ চা শ্রমিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
চুনারুঘাটের বিভিন্ন চা বাগানে অবকাঠামো উন্নয়ন ও জনসেবামূলক কাজ চলমান রয়েছে—এর মধ্যে চান্দপুর চা বাগানে ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তথ্যও প্রকাশিত হয়েছে।