মোঃ আকাশ মিয়াজী
দেশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে যত্রতত্র প্লাস্টিক, টিস্যু, বোতল ও অন্যান্য আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে একটি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহর থেকে শুরু করে জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের জনবহুল এলাকা এবং বাজারগুলোতে এখন যত্রতত্র প্লাস্টিক, টিস্যু, চিপসের প্যাকেট, রান্নার তেলের বোতলসহ নানা ধরনের আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। অথচ ৩০ থেকে ৪০ বছর আগে এমন দৃশ্য ছিল না। তিনি বলেন, নিজের ঘর যেমন কেউ নোংরা রাখতে চান না, তেমনি দেশের পরিবেশও সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন রাখা উচিত।
তিনি বলেন, কবির ভাষায় বাংলাদেশ সবুজ শস্য-শ্যামল দেশ। তাই পরিবেশ রক্ষায় সবাইকে আরও সচেতন হতে হবে। ব্যবহৃত আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেললে যেমন পরিবেশ পরিষ্কার থাকবে, তেমনি দেশের সৌন্দর্যও বজায় থাকবে।
তারেক রহমান আরও বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে তিনি অনেক পুকুরে আবর্জনার স্তূপ দেখেছেন। একসময় যেখানে মানুষ পরিবার নিয়ে সময় কাটাত, এখন সেখানে ময়লার কারণে সেই পরিবেশ নষ্ট হয়ে গেছে।
তিনি জানান, পার্কসহ বিভিন্ন বিনোদনকেন্দ্রে ঘুরতে গিয়ে অনেকেই খাবারের প্যাকেট, বোতল ও অন্যান্য বর্জ্য ফেলে আসেন। পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত পরিষ্কার করলেও মানুষের অসচেতনতার কারণে পরিবেশ দ্রুত নোংরা হয়ে যায়।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ থেকেই সবাই যদি নিজেদের ব্যবহৃত আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলেন, তাহলে ধীরে ধীরে বাংলাদেশকে আবর্জনামুক্ত ও আরও সুন্দর পরিবেশসমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।